নেত্রকোনার এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (৩৩) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি দল জেলার গৌরীপুর থানার অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক তাকে গ্রেফতার করে।
ময়মনসিংহ র্যাবের সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রিপন মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। মামলার পরই আত্মগোপনে চলে যান রিপন মিয়া।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ধর্ষণের অভিযোগের এ ঘটনায় সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সালিশে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা ও এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত রিপন একজন কনটেন্ট ক্রিয়েটর হওয়ার সুবাদে ভিকটিমকে প্রায় সময় কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেবে বলে প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিয়ে আসছিল।
গত ১ আগস্ট সন্ধ্যার দিকে বাড়ির উঠানে রান্না করার সময় রিপন মিয়া জোর করে পাশের জঙ্গলে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। ঘটনার সময় তার বাবা-মা দুজনেই বাড়ির বাইরে কাজে ছিলেন। মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে রিপন মিয়া পালিয়ে যান। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।