জাতিসংঘের সদস্যদেশগুলোর পুলিশ প্রধানদের ৫ম সম্মেলনে অংশ নিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আগামী ৭ ও ৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. আব্দুল্লাহ আল-মামুনসহ অন্য কর্মকর্তারা।
সম্মেলনের মূল অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মহাপরিদর্শক বক্তব্য দেবেন। সেখানে ভবিষ্যতের জাতিসংঘ পুলিশ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, শান্তিরক্ষা মিশনে অবদান এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনমুখী পুলিশিং বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে।
সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ পুলিশের প্রতিনিধিদলের সদস্যরা জাতিসংঘ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
বৈঠকগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বর্তমান ও ভবিষ্যৎ অংশগ্রহণ, উচ্চপর্যায়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের প্রতিনিধিত্ব, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘ পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পুলিশ সদস্য পাঠানো শীর্ষ দেশগুলোর একটি। এ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, নেতৃত্ব এবং শান্তিরক্ষা কার্যক্রমে অবদানকে আরো শক্তিশালী ও দৃশ্যমান করবে।