সরাইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ফয়সাল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ফয়সাল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে এ ঘটনা ঘটে। তিনি কুট্টাপাড়া এলাকার মো. রাকিব মিয়ার ছেলে। পরিবারের দাবি পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে। 

জানা যায়, বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেলের সঙ্গে রিকশার ধাক্কা লাগা নিয়ে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের ইকবাল চৌকিদারের ছেলে আকাশের সঙ্গে সূর্যকান্দি গ্রামের সুমনের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে আকাশের লোকজন শুক্রবার দুপুরে সুমনের ওপর হামলা চালায়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সন্ধ্যায় কালিকচ্ছ বাজারে ইকবাল চৌকিদারের গোষ্ঠী ও সূর্যকান্দি গ্রামের দুলালের গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। 

নিহতের পরিবারের দাবি, ফয়সাল পড়াশোনার ফাঁকে তার মামা ওসমান হারুনীর রড, সিমেন্টের দোকানে কাজ করত। সংঘর্ষের সময় আতংকিত হয়ে দোকান বন্ধ করার সময় পুলিশ অতর্কিতভাবে ফয়সালকে গুলি করে। এতে সে নিহত হয়। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, ‘‌ধারণা করা হচ্ছে সংঘর্ষের সময় ককটেলের স্প্লিন্টারের আঘাতে ফয়সালের মৃত্যু হয়েছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৪/৫ জনকে আটকসহ ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

আরও