বগুড়ায় অবৈধ গরুর হাট

তিন দশকেও আসেনি ইজারার আওতায়, রাজস্ব বঞ্চিত সরকার

বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহমেদ মডেল আলিম মাদ্রাসার মাঠের পাশে অবৈধভাবে গরু-ছাগলের হাট বসানো হচ্ছে।

বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহমেদ মডেল আলিম মাদ্রাসার মাঠের পাশে অবৈধভাবে গরু-ছাগলের হাট বসানো হচ্ছে। প্রায় ৩০ বছর ধরে হাট বসানো হলেও ইজারাবিহীন হওয়ায় কখনই রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। স্থানীয় প্রভাবশালীরা কৌশলে হাটটি নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। দিন দিন এ হাটকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। হাটের কোলাহলে পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না শিক্ষার্থীরা।

জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর এলাকায় ৩০ বছর আগে সৈয়দ আহম্মেদ কলেজ হাট গড়ে ওঠে। হাটকে কেন্দ্র করে সুখানপুকুর এলাকার আর্থিক অবস্থা পরিবর্তন হয়। কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, রাস্তাঘাটের উন্নয়ন হয়। সেই হিসেবে ধীরে ধীরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় বেশ বসতি গড়ে ওঠে। হাটটি ৩০ বছর আগের হলেও স্থানীয় কিছু প্রভাবশালী হাটটি কৌশলে ওয়াকফ সম্পত্তির বলে চালিয়ে দিত। যে কারণে প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে সরকার ইজারা দিতে পারেনি। এ কারণে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়ে আসছে। চলতি বছর হাটটি ইজারা দিতে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে।

মূলত এ মাদ্রাসার মাঠকে ঘিরে এখন গরু-ছাগল ও বিভিন্ন পণ্যের পসরা বসে। বড় হাট হওয়ায় একাংশ মাদ্রাসার মাঠেও বসে। প্রতি বৃহস্পতিবার ও রোববার হাট বসে। এ দুইদিন মাদ্রাসায় তেমন কোনো লেখাপড়া হয় না।

স্থানীয়রা বলছেন, এখানে প্রতি হাটবারে প্রায় কোটি টাকার লেনদেন হয়ে থাকে। গরু ছাগল থেকে শুরু করে বিভিন্ন পণ্য, কাঁচা সবজি, ফার্নিচার, ফলফলাদি সবই পাওয়া যায়।

গরু-ছাগলের সঙ্গে বসানো হয় বিভিন্ন ভাসমান দোকানের পসরা। হাটের পরদিন মাদ্রাসা মাঠ থাকে অপরিচ্ছন্ন। হাটের দিনে শিক্ষার্থীরা মাঠে নামতে পারে না।

মাদ্রাসা মাঠে গরু-ছাগলের হাট বসানোকে কেন্দ্র করে সোনাতলা উপজেলার শিহিপুর গ্রামের বাসিন্দা একেএম জাহিদ মনি একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৪ মে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রশাসন থেকে সহকারী পরিচালক বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক পত্র দিয়ে হাট বসানোর সত্যতা ও বিভিন্ন অনিয়ম তদন্ত করে দেখার কথা বলা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রশাসন থেকে সহকারী পরিচালক বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক পত্র দিয়ে জানান, ওই মাদ্রাসার মাঠে হাট বসানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করা হয়েছে। তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে প্রতিবেদন পাওয়ার পর।

বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক জানান, সৈয়দ আহমেদ মডেল আলিম মাদ্রাসার মাঠে কিছু অংশে অবৈধভাবে গরু-ছাগলের হাট বসানো হয়েছে। বিষয়টি জেলা প্রশাসকের নজরেও এসেছে। উপজেলা প্রশাসন থেকে বলা হয় মাদ্রাসা মাঠ থেকে হাট সরিয়ে নেয়া হবে। হাটটি যেন কোনোভাবেই মাদ্রাসার সীমানার ভেতর না যায় সে বিষয়টি দেখা হচ্ছে। এছাড়া হাটটি কীভাবে সরকারিভাবে ইজারা দেয়া যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে। আশা করা হচ্ছে কোরবানির আগেই এর সমাধান হবে। বিষয়টি নিয়ে একটি প্রস্তাবনা জেলা প্রশাসক কার্যালয়ে পেশ করা হয়েছে।

আরও