সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল হুথিদের প্রাণঘাতী হামলার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় দুই বাংলাদেশী নাগরিকসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সকালে এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশীদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
বাংলাদেশী নাগরিকসহ নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।
বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলা ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
এ হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জনের বেশি। গতকালের এ ঘটনাকে এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশী এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।