বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিরাপদ পার্কিংয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট করছে বেসরকারি অ্যাম্বুলেন্স সমিতি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা।
সমিতির নেতারা জানান, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় প্রায়ই অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে। রোগী পরিবহনের সময় নানা ভোগান্তিও তৈরি হচ্ছে। তারা সতর্ক করে বলেন, দ্রুত সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না করলে আন্দোলন আীধ কঠোর করা হবে।
অন্যদিকে রোগীর স্বজনরা জানান, বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘটে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। সরকারি অ্যাম্বুলেন্স পর্যাপ্ত না থাকায় সময়মতো তা পাওয়া যাচ্ছে না। তাছাড়া সরকারি অ্যাম্বুলেন্স বরিশালের বাইরে যেতে চাইছে না। ফলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রোগী নিতে গিয়ে স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানান, সরকারি হাসপাতালের কম্পাউন্ডের ভেতরে বেসরকারি অ্যাম্বুলেন্সের পার্কিংয়ের ব্যবস্থা করার সুযোগ নেই।