ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শফিকুল ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই হাবিব।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার বলুহর এলাকার ডাকাততলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের শফিকুল ইসলাম তার চাচাতো ভাই হাবিবকে নিয়ে মোটরসাইকেলে কোটচাঁদপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ডাকাততলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সামনের একটি পাখি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপটি তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যান। আহত হাবিবকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। পিকআপটি জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।