শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে সড়কে গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (১৬ নভেম্বর) ভোর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুরে এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক থেকে গাছ সরিয়ে ঢাকা-বরিশাল রুটের যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হন মাদারীপুর জেলা ও কালকিনি উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা। সড়কের পাশে থাকা গাছ কেটে সড়কের উপরে ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। এ সময় একটি ভ্যানের উপরে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী নেতা মীর গোলাম ফারুক ও এনায়েত হোসেন হাওলাদার।
ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, ভোরে একদল দুর্বৃত্ত ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সড়ক থেকে সটকে পড়ে। বন্ধ হয়ে থাকা সড়কে যান চলাচল বেলা ১০ টার দিকে স্বাভাবিক করা হয়েছে।