প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চয়তায় ৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা

ফরম ফিলাপের টাকা, কোচিং ফি, লেট ফি এবং বকেয়া বেতনসহ সব অর্থ পরিশোধ করার পরও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফরম পূরণ করা হয়নি। বরং এসব টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন তারা।

লক্ষ্মীপুর সদর উপজেলার কামানখোলা অলি উল্ল্যা মুসলিম পলিটেকনিক একাডেমির প্রধান শিক্ষক ছৈয়দ আহমেদ ভূঁইয়ার অবহেলার কারণে ৯ জন শিক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

অভিভাবকদের অভিযোগ, ফরম ফিলাপের টাকা, কোচিং ফি, লেট ফি এবং বকেয়া বেতনসহ সব অর্থ পরিশোধ করার পরও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফরম পূরণ করা হয়নি। বরং এসব টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন তারা। এর ফলে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে ৯ শিক্ষার্থী। শিক্ষার্থীরা যাতে চলতি বছরই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিভাবকেরা।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ছৈয়দ আহমেদ ভূঁইয়া বলেন, এ ৯ জন শিক্ষার্থী গত বছর পরীক্ষায় অংশগ্রহণ করে প্রত্যেকে একটি বিষয়ে অকৃতকার্য হয়। আমি একাধিকবার সরাসরি বোর্ডে গিয়েও তাদের পরীক্ষার ব্যবস্থা করতে পারিনি। ফরম ফিলাপের জন্য তারা যে টাকা দিয়েছে, আমি তার চেয়েও বেশি ব্যয় করেছি। আগামী বছর তাদের ফরম ফিলাপের ব্যবস্থা করে দেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা জানান, শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার বিষয়টি দুঃখজনক। বিষয়টি নিয়ে ওই প্রতিষ্ঠানের প্রধানকে তলব করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আরও