বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সফরে তিনি দুদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিয়ায় তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬ উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ‘শক্তিশালী অংশীদারত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীর লক্ষ্য বাংলাদেশের রফতানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ তৈরি করা। স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) এ আয়োজন করছে।
স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্যে যাবেন শামা ওবায়েদ ইসলাম। সেখানে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং সৃজনশীল অর্থনীতির বিকাশের সম্ভাবনা নিয়ে তার কর্মসূচি থাকবে।
সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতার সুযোগ নিয়ে দুদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে এ সফর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।