কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় নৌকায় বজ্রপাতের ঘটনায় মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরো পাঁচ জেলে আহত হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে সাগরে মাছ ধরার অপেক্ষায় থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করছিলেন।
আহতরা হলেন আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তারা সবাই উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার দুপুরে ছয়জন উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরতে সাগরে যান। রাত ১টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন তারা। এ সময় বজ্রপাত শুরু হলে একপর্যায়ে তা তাদের নৌকায় আঘাত হানে। এতে হোসেন গুরুতর আহত হন। নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা নওশাদ আলম কানন জানান, বজ্রপাতে আহত এক জেলেকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। আহত অন্য পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।