মেহেরপুরের গাংনীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামন্দীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকেশ গাংনী উপজেলার তেরাইল গ্রামের কামিরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষর্দশীরা জানান, সকাল ৯টার দিকে রাকেশ ও তার বন্ধুরা দুটি বাইক নিয়ে যাবার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাকেশ, শয়ন ও অভিক তিনজন সড়কে পড়ে গুরুতর আহত হন।
দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত ঘোষণা করেন। শয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অভিককে স্থানীয় একটি ক্লিনিকে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানিয়েছেন, উপজেলার বামন্দীতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।