পরবর্তী নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) চলতি কার্যনির্বাহী কমিটির নেতারা। আজ সোমবার রাতে জাকসু ভবনের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চার দফা দাবির মধ্যে রয়েছে, নিয়মিত ও নির্ধারিত সময়ে জাকসু নির্বাচন আয়োজনের জন্য সুস্পষ্ট নির্বাচনী ক্যালেন্ডার প্রণয়ন; বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘমেয়াদি নেতৃত্বশূন্যতা এড়াতে আগেভাগেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেয়া ও দ্রুত তফসিল ঘোষণা; জাকসুর গঠনতন্ত্র ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ; এবং শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জাকসুকে আরো কার্যকর করতে প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় ও মতবিনিময়ের ব্যবস্থা করা।
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, জাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে আমরা রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি। ১২ দিন পরেই জাকসুর মেয়াদ শেষ হবে। এর আগেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম দেখতে চাই।
জাকসুর সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, নির্বাচিত জাকসুর মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘ সময় নেতৃত্বশূন্যতা তৈরি হলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে সংকট তৈরি হতে পারে। তাই এ সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু করা প্রয়োজন।
তিনি বলেন, নিয়মিত ও অংশগ্রহণমূলক জাকসু নির্বাচন শুধু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে না, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা, জবাবদিহি ও নেতৃত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত বছরের ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত নেতারা ১৮ সেপ্টেম্বর শপথ নেন। এক বছর মেয়াদি বর্তমান জাকসুর কার্যকাল আগামী ১৮ সেপ্টেম্বর শেষ হবে।