নির্বাচন এড়ানোর চেষ্টা মানেই গণতন্ত্রকে অবজ্ঞা করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় আমীর খসরু বলেন, এখন যারা নির্বাচন চায় না, তারা আসলে ক্ষমতায় থাকার জন্য জনগণকে বাদ দিয়ে পেছনের দরজার পথ বেছে নিয়েছে। গণতান্ত্রিক ৫২টি দল ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। যারা নির্বাচন চায় না, তারা সবাই ৫ আগস্টের পর রাজনীতিতে এসেছে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যারা নির্বাচনে যেতে চায় না, তারা গণতন্ত্রের ধারায় নয় বরং বিশেষ প্রক্রিয়ায় রাজনীতিতে এসেছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। দেরি মানেই জনরোষ।
খসরু বলেন, এ দলগুলো একটি পরিকল্পিত ও নিয়ন্ত্রিত রাজনীতির অংশ। তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা গণতন্ত্রকে ভয় পায়। কারণ নির্বাচন হলে তাদের জায়গা থাকবে না।