মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মাদক উন্নয়নের প্রধান অন্তরায়। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে। সঠিক দিকনির্দেশনা ও উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে এ যুবসমাজই আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনবে।
আজ রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়ানশিপ ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে মন্ত্রী বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণেই এমন কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ সম্ভব। তিনি দেশপ্রেমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বলেন, আমাদের প্রতিটি চিন্তা ও কাজের শুরুতেই থাকতে হবে দেশ।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় পরিচালিত করতে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে নানামুখী কর্মসূচি অব্যাহত রেখেছেন। শিশু-কিশোর ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ‘নতুন কুঁড়ি’ এবং 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর আয়োজন করেছেন। মন্ত্রী সন্তানদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরতে উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতিও বিশেষ আহ্বান জানান।
দুদিনব্যাপী কারাতে প্রতিযোগিতায় ৫৯টি ইভেন্টে দেশের ৭৯টি দলের প্রায় ১ হাজার ৬০০ প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমাপনী পর্বে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে মেডেল ও ট্রফি তুলে দেন মন্ত্রী।
অনুষ্ঠানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহিদ পারভেজ চৌধুরী, সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি শাহজাদা আলম।