ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনই নরসিংদী জেলা সদরের বাসিন্দা বলে জানা গেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে মোটরসাইকেলে সিলেটের উদ্দেশে যাচ্ছিলেন অনুপ কুমার ও আনোয়ারুল আজিম। পথে বৈষামোড়া এলাকায় সড়কে যানজটে পড়েন তারা। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তারও মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।