ভেঙে দেয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

গতকাল বিকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস।

দুইদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন জমা দেয় এনএসসি গঠিত তদন্ত কমিটি। কমিটি প্রতিবেদনে প্রমাণ পেয়েছে, গত অক্টোবরে বিসিবির নির্বাচন পুরোপুরি স্বচ্ছ ছিল না। এমনকি আমিনুল ইসলামের পর্ষদের একাধিক পরিচালক তদন্ত কমিটির কাছে এ অনিয়মের কথা স্বীকার করেছেন।

গত অক্টোবরে নির্বাচন বয়কট করে একটি পক্ষ। নির্বাচনের পরই অনিয়মের অভিযোগ উঠতে থাকে। এ নিয়ে সম্প্রতি এনএসসিতে লিখিত অভিযোগ দেয়া হয়। সেই অভিযোগ খতিয়ে দেখতে সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করে এনএসসি। কমিটি গত রোববার এনএসসিতে প্রতিবেদন জমা দেয়। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে গতকাল পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এক অ্যাডহক কমিটি ঘোষণা করেছে এনএসসি।

বিসিবির গত নির্বাচনে তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এনএসসি থেকে মনোনীত হয়ে আসেন দুজন। এনএসসির ক্রীড়া পরিচালক জানান, সব ক্যাটাগরির নির্বাচনেই অনিয়ম খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। এ কারণেই ভেঙে দেয়া হলো পরিচালনা পর্ষদ। বিসিবির নির্বাচন নিয়ে অনিয়ম তদন্তে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশমালায় গঠনতন্ত্র ব্যাপকভাবে সংশোধনের কথা বলা আছে।

অ্যাডহক কমিটিতে আছেন বর্তমান বিএনপি সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী ও এক উপদেষ্টার পুত্র। এছাড়া এক প্রতিমন্ত্রীর স্ত্রীও আছেন। কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিসিবির অ্যাডহক কমিটিতে আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের পুত্র মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের পুত্র ইসরাফিল খসরু। একমাত্র নারী সদস্য হিসেবে আছেন ব্যারিস্টার রাশনা ইমাম, যিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

এছাড়া কমিটিতে আছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান, সাবেক ক্রিকেটার ও নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ব্যবসায়ী তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, ফাহিম সিনহা ও সংগঠক রফিকুল ইসলাম বাবু। তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, মির্জা সালমান ইস্পাহানি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান, রফিকুল ইসলাম বাবু ইন্দিরা রোড ক্রীড়াচক্রের কর্মকর্তা ও ফাহিম সিনহা একমি ল্যাবরেটরিজের পরিচালক। ফাহিম সিনহা সাবেক নাজমুল হাসান পাপন ও গণ-অভ্যুত্থান-পরবর্তী ফারুক আহমেদ ও আমিনুল ইসলামের বোর্ডেও ছিলেন।

এদিকে বিকাল ৪টার পর দায়িত্ব পেয়ে ২ ঘণ্টার মাথায় বিসিবিতে হাজির হন তামিম ইকবাল। সন্ধ্যা সাড়ে ৬টায় অ্যাডহক কমিটির নয় সদস্যকে নিয়ে মিটিংও করেছেন তিনি। অনলাইনে যুক্ত হয়েছিলেন ফাহিম সিনহা, আতহার আলী খান, ইসরাফিল খসরু ও সালমান ইস্পাহানি।

প্রথম সভা শেষে মিডিয়া ব্রিফিংয়ে তামিম জানান, ক্রিকেটের ভাবমূর্তি ফেরানোই প্রথম লক্ষ্য তার। তিনি বলেন, ‘প্রথমে মনে করি, এখানে যখনই এ রকম কেউ দায়িত্ব পান তখন উন্নতির কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার টিম ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ফেরানো। শেষ এক-দেড় বছরে ভাবমূর্তি যেভাবে নষ্ট হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, এটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’

এরপর অগ্রাধিকার নির্বাচনে। তিনি বলেন, ‘আমাদের একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে তিন মাসের মধ্যে স্বচ্ছ নির্বাচন দেয়া। আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে, আমরা এ জিনিসটা যেন করতে পারি। এর সঙ্গে অবশ্যই আমরা প্রতিদিনকার অ্যাক্টিভিটিসের মধ্যে যা যা রয়েছে, বিশ্বকাপ ইস্যু আছে, সবকিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার আমরা তা-ই করব।’

আরও