খুলনার পাইকগাছায় গরুর মাংস রান্নার সময় এক অস্বাভাবিক ঘটনা দেখতে পান রাঁধুনি। রান্নার প্রক্রিয়া শুরু হতেই সেই মাংস লাল থেকে সবুজ রঙ ধারণ করছিল। আজ বুধবার দুপুরে পৌর এলাকার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা মাংস রান্না করতে গিয়ে এ ঘটনা দেখেন।
পরে রান্না করা মাংসসহ কড়াই নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও থানায় যান। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার উপজেলা পরিষদ এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।
বেকারির কর্মচারীরা জানান, তেল-মসলা দিয়ে স্বাভাবিক নিয়মে রান্না শুরুর কিছুক্ষণ পরই মাংসের স্বাভাবিক লালচে রঙ বদলে নীলচে-সবুজ হতে থাকে। যতই নাড়াচাড়া করা হচ্ছিল, ততই গাঢ় সবুজ হচ্ছিল সেই মাংস। বিষয়টি দেখে তারা চুলা থেকে কড়াই নামিয়ে অন্যদের ডাকেন। সে সময় রান্না করা মাংসসহ কড়াই নিয়ে তারা যান মাংস বিক্রেতার দোকানে। পরে তা নিয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও পরে তারা থানায় যান। এরপর ওই মাংস ফেলে দেয়া হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাইকগাছার মডার্ন বেকারির ২৫ জন কর্মচারী আজ কর্মস্থলে একসঙ্গে খাবারের আয়োজন করেন। সকালে বেকারির কর্মচারী লিটন হোসেনসহ তিনজন পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকানে যান।
তখন ইসমাইল তাদের জানান, আজ জবাই করা গরুর সব মাংস বিক্রি হয়ে গেছে। তবে আগের দিনের কিছু মাংস ফ্রিজে রাখা আছে। সেখান থেকে চার কেজি মাংস কিনে তারা রান্না শুরু করেন।
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, দুপুরে বেকারির কর্মচারীরা রান্না করা মাংসের কড়াই নিয়ে থানায় এসেছিলেন। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা অভিযোগ দিতে রাজি হননি। মাংস দেখিয়ে কিছুক্ষণ পর তারা কড়াই নিয়ে চলে যান।