ঝিনাই নদে ডুবে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজের দুইদিন পর বৈশাখী (১২) নামে আরো এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজের দুইদিন পর বৈশাখী (১২) নামে আরো এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। এ নিয়ে এ ঘটনায় পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হলো। মৃত শিশু বৈশাখী শেরপুরের নকলা উপজেলার টাংগালিয়া এলাকার হোসেন আলীর মেয়ে।

এ ঘটনায় মারা যাওয়া অন্য শিশুরা হলো—সহোদর আবু হাসান (৮) ও মরিয়ম (১২); কুলসুম এবং সাইরা আক্তার (৮)।

শুক্রবার বিকালে ঝিনাই নদে গোসল করতে যায় ছয় শিশু। সে সময় ইয়াসিন নামে এক শিশু সাঁতরে তীরে উঠে এলেও বাকি পাঁচজন পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাদারগঞ্জের চর ভাটিয়ানীতে নানা বাড়িতে বেড়াতে আসে বৈশাখী। পরদিন শুক্রবার বিকালে ঝিনাই নদীতে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সে। ঘটনার দুদিন পর গতকাল সকালে মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানী এলাকায় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে ঝিনাই নদীতে বৈশাখীর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা সেটি উদ্ধার করেন।

শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা তিনজনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ থাকে কুলসুম ও বৈশাখী নামে দুই শিশু। পরদিন শনিবার সকালে কুলসুমের মরদেহ উদ্ধারের পর বিকালে অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস। আজ সকালে স্থানীয়রা নিখোঁজ সর্বশেষ বৈশাখীর মরদেহ উদ্ধার করেন। 

উপজেলার সিধুলী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ওয়াহেদ আলী নান্নু জানান, সকালে স্থানীয়রা বৈশাখীর মরদেহ নদীতে ভেসে থাকতে দেখে উদ্ধার করেছেন।

আরও