সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী একটি ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশায় থাকা সাতজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।