পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছরের অগণতান্ত্রিক পরিবেশ ও অত্যাচার-অনাচার থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। অবশেষে নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আমাদের প্রধানমন্ত্রী প্রথমবারের মতো অংশ নেবেন। এটি বিশ্বদরবারে আমাদের নতুন আকাঙ্ক্ষা, নতুন সম্ভাবনা এবং গণতান্ত্রিক ও আত্মবিশ্বাসী বাংলাদেশের গল্প তুলে ধরার এক বিশাল সুযোগ।’
গতকাল রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি (নন-রেসিডেন্ট বাংলাদেশী) আয়োজিত ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সঞ্চালনায় সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, গুম-সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান লিটন ও ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাত উল্লাহ খানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শামা ওবায়েদ বলেন, ‘এবারের অধিবেশনে উন্নয়নের অধিকার ঘোষণা, কার্বন ঘোষণার রজতজয়ন্তী, জলবায়ু পরিবর্তন, অতিমারী প্রতিরোধ ও পারমাণবিক নিয়ন্ত্রণকরণের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সেখানে বাংলাদেশ অত্যন্ত দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান তুলে ধরবে। জাতিসংঘে বাংলাদেশের মূল লক্ষ্য হবে দেশের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনাকে অগ্রাধিকার দেয়া।’
এমএস সেকিল চৌধুরী বলেন, ‘দেশে বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতার একটি নতুন আশাবাদ তৈরি হয়েছে, যাকে ইতিবাচক উপায়ে গাইড করা এবং এগিয়ে নেয়া অত্যন্ত জরুরি। এ অনুকূল পরিবেশে বাংলাদেশকে কীভাবে বিজনেস টু বিজনেস অংশীদারত্বের দিকে নিয়ে যাওয়া যায় এবং প্রশাসনের গতি বাড়িয়ে কাজ করা যায়, সেভাবেই আমাদের এগোতে হবে। প্রতিনিধি দল যেন বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রমোট করার কাজটি সক্রিয়ভাবে করেন—এ আশা করব।’
তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বাংলাদেশের বড় অর্থনীতির সঙ্গে আমাদের পাসপোর্টের মর্যাদার অবস্থান মিলছে না। হেনলি পাসপোর্ট সূচকে আমাদের অবস্থান বর্তমানে ৯৭তম। নতুন সরকারের কাছে আমাদের দাবি, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এ পাসপোর্টের অবস্থানকে উন্নত করতে হবে।’
ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজল এলাহী আকবর বলেন, ‘আমাদের ব্র্যান্ডিংয়ের সবচেয়ে বড় সমস্যা শুরু হয় শিক্ষা থেকে। আমাদের নিজেদের ছোটখাটো বাজে অভ্যাস ও ব্যবহারের কারণে বাইরে নেতিবাচক প্রভাব পড়ে।’