যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। তবে পরীক্ষা কেন্দ্রে ব্যবহারিক নম্বর জমা না দেয়ায় ভুল ফলাফল প্রকাশিত হয়। পরে কেন্দ্রসচিব বরাবর আবেদনের পর রোববার (১৩ জুলাই) যশোর বোর্ড থেকে সংশোধিত ফল প্রকাশ করা হয়। নতুন ফলাফলে সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
এই কেন্দ্র থেকে এবার মোট ৩২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল ৪৮ জন। সবাই রসায়ন বিষয়ে ফেল করায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা ফলাফল বিশ্লেষণের আবেদন করেন। এরপর পুলেরহাট কেন্দ্রের সচিব মো. খানজাহান আলী যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চিঠি দেন।
ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজের শিক্ষার্থী মিয়ারাজ ইসলাম জানান, আটটি বিষয়ে জিপিএ-৫ ও একটি বিষয়ে এ পেয়েও রসায়নে অকৃতকার্য দেখানো হয়। এতে তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। রোববার ফল সংশোধনের পর সে পূর্ণ জিপিএ-৫ পায়।
কেন্দ্রসচিব খানজাহান আলী বলেন, ফল ঘোষণার পরই বিষয়টি তাদের চোখে পড়ে। তারা দ্রুত বোর্ডে চিঠি দেন। পরে রোববার ফল সংশোধন করা হয়।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন বলেন, পুলেরহাট কেন্দ্র থেকে রসায়নের ব্যবহারিক নম্বর পাঠানো হয়নি। সে কারণে ফলাফল অসম্পূর্ণ ছিল। এজন্য সবাইকে অকৃতকার্য দেখানো হয়। কেন্দ্রের এ গাফিলতির জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।