ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সিএনজির চালকসহ আরো পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে নাসিরনগর-সরাইল সড়কের কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আমিনুল ইসলাম আমিন (৪০) নামের এক যাত্রী নিহত হন। তিনি নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন— ফেনী জেলার বাসিন্দা করিম (৩২) ও তার বন্ধু সাগর মিয়া (২১), হবিগঞ্জের লাখাই উপজেলার অর্জুন দাস (৫৫) ও তার স্ত্রী দিপালী (৪৫) এবং সিএনজি চালক সেলিম মিয়া (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল বিশ্বরোড থেকে যাত্রী নিয়ে নাসিরনগরের উদ্দেশে যাচ্ছিল একটি সিএনজি। পথে তুল্লাপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আমিনুল ইসলাম আমিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক সেলিম মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত সিএনজিটি পুলিশের হেফাজতে রয়েছে।