হিলি বন্দর দিয়ে পণ্য রফতানি বাড়ানোর পদক্ষেপ নিতে হবে —রংপুর বিভাগীয় কমিশনার

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেছেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে আমরা ভারত থেকে পণ্য আমদানি বেশি করছি।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেছেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে আমরা ভারত থেকে পণ্য আমদানি বেশি করছি। আমরা যেন পণ্য রফতানির দিকেও নজর দিই। বন্দর দিয়ে যে পরিমাণ পণ্য রফতানি হচ্ছে, সে পরিমাণটা আরো বাড়ানো দরকার।’ গতকাল বেলা ১টার দিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শহিদুল ইসলাম বলেন, ‘বন্দর দিয়ে পণ্য রফতানি বাড়ানো গেলে ব্যালেন্সটা একটু ভালো হবে, যা দেশের অর্থনীতির জন্যও ভালো হবে। রফতানি বাড়াতে যে যে বিষয়ে পদক্ষেপ নেয়া দরকার সেসব বিষয়ে আমাদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।’

তিনি বলেন, ‘রংপুর বিভাগের মধ্যে ছোট্ট একটি উপজেলা হাকিমপুর। কিন্তু এর গুরুত্ব আমাদের দেশের জন্য অনেক বেশি। কারণ এখানে একটি স্থলবন্দর রয়েছে।’

বন্দরের রাস্তাঘাটের বেহাল দশা সম্পর্কে তিনি বলেন, ‘এ বিষয়ে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বন্দরের অসমাপ্ত রাস্তাগুলোর কাজ শেষ করা হবে।’

এর আগে উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি বেলা ১টায় হিলি স্থলবন্দরে এসে পৌঁছান। পরে তিনি বন্দরের অভ্যন্তরে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন ও কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, হাকিমপুর থানার ওসি নাজমুল হক, স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক অশিত স্যানাল প্রমুখ।

আরও