ঢাকার শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সেখানে প্রায় ৩১ একর জমিতে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ করা হবে। ২০২৯ সালে নতুন ভবনে দাফতরিক কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার বিকালে মন্ত্রিসভার ২৫তম বৈঠক শেষে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। রাজধানীর পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকার আগের মাস্টারপ্ল্যানে সচিবালয়ের জন্য বরাদ্দ রাখা এলাকায় নতুন কমপ্লেক্স নির্মাণ করা হবে। এর নকশায় ওই এলাকার মূল পরিকল্পনার সঙ্গে যোগসূত্র থাকবে, তবে তা পুরোপুরি আগের পরিকল্পনার অনুরূপ হবে না। নতুন কমপ্লেক্সটি নান্দনিকভাবে নির্মাণের লক্ষ্য রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন কমপ্লেক্সে প্রায় ৩১ লাখ বর্গফুট আয়তনের ভবন নির্মাণ করা হবে। পুরনো বাণিজ্য মেলার মাঠে তিনটি বেজমেন্ট, ৩ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং ১৪টি ১২ তলা ভবন থাকবে। এছাড়া মসজিদ ও ক্যাফেটেরিয়া নির্মাণের পরিকল্পনা রয়েছে।
নতুন সচিবালয় ঘিরে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আশপাশে আন্ডারপাস ও ভূগর্ভস্থ সড়ক নির্মাণ করা হবে বলেও জানান তিনি। শিগগিরই নির্মাণকাজ শুরু হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।