কুড়িগ্রামে ইউরিয়া সার বিতরণে হট্টগোল, সড়ক অবরোধ

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল হক বলেন, তার সারের চাহিদা দুই বস্তা। সেখানে তিনি এক বস্তা পাচ্ছেন। টাকা দিয়ে সার কিনতেও যদি এমন পরিস্থিতি হয়, তাহলে আবাদ করব কীভাবে

কুড়িগ্রামে ইউরিয়া সার বিতরণকে কেন্দ্র করে জেলার কয়েকটি এলাকায় হট্টগোল ও সাময়িক সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। চাহিদার তুলনায় কম সার দেয়া এবং বিতরণে অনিয়মের অভিযোগে কৃষকরা ক্ষোভ প্রকাশ করেন। পরে প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সার বিতরণ স্বাভাবিক রাখা হয়।

আজ রোববার সকাল থেকে সদর উপজেলার মাঠেরপাড়, ঘোগাদহসহ বিভিন্ন ডিলার পয়েন্টে শত শত কৃষকের দীর্ঘ লাইন দেখা যায়। একপর্যায়ে কয়েকটি স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লে কৃষকরা সাময়িক সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, সদর থানা পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে অতিরিক্ত নজরদারির মধ্যে সার বিতরণ পুনরায় শুরু হয়।

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল হক বলেন, তার সারের চাহিদা দুই বস্তা। সেখানে তিনি এক বস্তা পাচ্ছেন। টাকা দিয়ে সার কিনতেও যদি এমন পরিস্থিতি হয়, তাহলে আবাদ করব কীভাবে?

কৃষকদের দাবি, আমন মৌসুমে চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে হবে। তা না হলে ভোগান্তি ও বিশৃঙ্খলার পুনরাবৃত্তি ঘটবে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। চাহিদার তুলনায় প্রায় ১ হাজার টন ইউরিয়া সার অতিরিক্ত মজুদ রয়েছে। একটি পক্ষ সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গত বছর ৫৩ হাজার ৯৫০ টন সার বরাদ্দ দেয়া হলেও চলতি বছরে গত বছরের তুলনায় ২ হাজার ৯৯২ টন বেশি সার বরাদ্দ দেয়া হয়েছে। এরপরও আরো ১ হাজার ৩০০ টন সার বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ৮০০ টন সার বিতরণ শুরু হয়েছে। বাকি সার আগামী দুয়েকদিনের মধ্যে বিতরণ শুরু হবে। এতে সার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসন জানিয়েছে, সার বিতরণে অনিয়ম ঠেকাতে ডিলার পয়েন্টগুলোয় নজরদারি আরো জোরদার করা হয়েছে।

কুড়িগ্রামে সার নিয়ে উদ্ভূত পরিস্থিতির জন্য স্থানীয় ব্যবস্থাপনার ত্রুটি, কৃষি বিভাগের তথ্যের ঘাটতি ও ডিলারদের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সার ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও