দেশের হামের উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৭৬ শিশু মারা গেছে। এর মধ্যে উপসর্গে ৯৭৫ ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০১ শিশু প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ বুধবার প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৬ জন ঢাকা, ২ জন চট্টগ্রাম এবং খুলনা, রংপুর ও সিলেট বিভাগের একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের উপসর্গ ও নিশ্চিত হাম রোগী দেখা গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৩৮২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ১০৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২৯৯ জন।
প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১।
এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯। এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ শিশু চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।