দেশের শিশুসাহিত্যের অন্যতম পুরোধা ছড়াকার আখতার হুসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আখতার হুসেনের বয়স হয়েছিল ৮১ বছর। নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে ১৯৪৫ সালের ১ নভেম্বরে তার জন্ম। অনেকদিন থেকেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। রেখে গেছেন দুই পুত্র, স্বজন ও সুহৃদ এবং অসংখ্য গুণগ্রাহী।
পেশাগত জীবনে দৈনিক জনকণ্ঠ, দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমিসহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ২০০৯ সাল থেকে ২০২৫ পর্যন্ত তিনি প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদকের দায়িত্বপালন করে অবসরে যান। যুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খেলাঘর ও উদীচীর সঙ্গে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।