কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মোসাম্মৎ আমেনা বেগম। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়। এর আগে আমেনা বেগম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান ফারবেজ।
জানা যায়, ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি ১৮তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করেন আমেনা বেগম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
চলতি বছরের ১০ মে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলামকে বদলি করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল।
কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন বণিক বার্তাকে জানান, দুই মাসেরও বেশি সময় ধরে অধ্যক্ষের পদটি শূন্য ছিল। এরই মধ্যে গত ১৩ জুলাই জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষা বিঘ্নিত হয়। এ নিয়ে দেশব্যাপী তীব্র সমালোচনা হয়। পরে পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে নেয়া হয়। অধ্যক্ষ না থাকার কারণে কলেজে অব্যবস্থাপনা দেখা দেয়।