নাটোরে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক

ল্যাপটপ ফিরে পেয়ে ক্রিল ল্যান্ডার বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে তিনি বাংলাদেশে ভ্রমণের বেশ কিছু ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপটি ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গতকাল সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তার কাছে ল্যাপটপটি হস্তান্তর করেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ল্যাপটপ পেয়ে ক্রিল ল্যান্ডার বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে তিনি বাংলাদেশে ভ্রমণের বেশ কিছু ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

এর আগে গত ৭ অক্টোবর বিকালে নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়। ট্রেনের টিকিট কাটার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেয়া এক ব্যক্তির কাছে ব্যাগ রেখে যান তিনি। টাকা তুলে ফিরে এসে তিনি ওই ব্যক্তি ও ব্যাগ আর পাননি।

পরবর্তী সময়ে জানা যায় যে ব্যাগটি যার কাছে রাখা হয়েছিল, তিনি রেলওয়ের কেউ ছিলেন না। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই পর্যটক।

অভিযোগ পাওয়ার পর নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের একাধিক দল উদ্ধারে অভিযান চালায়। গত ১১ অক্টোবর রাতে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লথিং স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

বিদেশী পর্যটকের ল্যাপটপ দ্রুত উদ্ধার ও পেশাদারত্বের জন্য আইজিপি নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর রহমান ও উপপরিদর্শক মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন। আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কাজের প্রশংসা করেন এবং সব ইউনিটকে দ্রুত ও পেশাদার সেবার নির্দেশনা দেন।

এর আগে ল্যাপটপ ও ক্যামেরা হারানোর পর ক্রিলের কান্নার একটি ভিডিও দেখে তাকে ম্যাকবুক উপহার দেন মুক্তি মাহমুদ নামের এক ব্যক্তি। গত ১০ অক্টোবর রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী ক্রিলের হাতে ল্যাপটপটি তুলে দেন তিনি। মুক্তি মাহমুদ একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার আগে তরুণ এ পর্যটক যেন কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন, সেই ইচ্ছা থেকেই তাকে ম্যাকবুকটি উপহার দেয়ার কথা জানান তিনি।

আরও