জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় শাহিনুর বেগম নামে এক নারী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২১ জুন) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার ইকবাল বাহারকে গতকাল শুক্রবার ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ আসে বলে জানান আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শরীফুজ্জামান।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর কাজী রমজানুল হক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মোর্শেদ আলম শাহিন।
শুনানিতে তিনি বলেন, আসামিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। আজকে যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামি পুলিশের একজন অতিরিক্ত আইজিপি। অসুস্থ ব্যক্তি। এই মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরো বলেন, সব আসামি আইনের দৃষ্টিতে সমান। একই ক্যাটাগরির মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিন পেয়েছেন। গ্রেফতারের একদিনের মাথায় নায়িকা নুসরাত ফারিয়াও জামিন পেয়েছে। যেকোনো শর্তে তার জামিনের প্রার্থনা করছি।
শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে ইকবাল বাহারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।