সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৯০৫ জনের শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৬৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা সময় পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জন। এছাড়া নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৯ জন। এ সময়ে সন্দেহজনক হামে ৯২২ জন এবং নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৮২২ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৭৬৭ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন।
বিভাগভিত্তিক হিসাবে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৪৫৬ জন সন্দেহজনক ও ৬৩ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে দুজন। চট্টগ্রাম বিভাগে ১৬৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে একজন।
এ ছাড়া বরিশাল বিভাগে ৭৮ জন, খুলনায় ৭৪, ময়মনসিংহে ৫৭, রাজশাহীতে ৩১, রংপুরে ২৭ এবং সিলেটে ১৬ জন নতুন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে।