এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের ৯৯ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠানটি থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ২ হাজার ৯৫৯ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩১২ শিক্ষার্থী। ইংরেজি ভার্সনে পাসের হার শতভাগ।
কলেজের বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৩২৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এ বিভাগে জিপিএ ৫ পেয়েছে ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৬ পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১২ জন। অন্যদিকে মানবিক বিভাগে ৩১৯ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এ বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১৭ জন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘একবার ভালো ফল করা চমক হতে পারে, কিন্তু বছরের পর বছর ধারাবাহিকভাবে ভালো ফল বজায় রাখা এবং সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী রাখা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ।’ নিয়মানুবর্তিতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মাইলস্টোন কলেজ এ ধারাবাহিকতা বজায় রাখছে বলেও জানান তিনি। পাশাপাশি এ সাফল্যের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান অধ্যক্ষ।
ফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা আনন্দ উদযাপন করেন। মিষ্টি বিতরণ ও বাদ্যযন্ত্র বাজিয়ে সাফল্য উদযাপন করেন তারা।