সিরাজগঞ্জ জেলা পুলিশের মোটরযান শাখার ওসি মিজানুর রহমানের সিল ও স্বাক্ষর জাল করে পাম্প থেকে গ্যাস উত্তোলনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩১), আব্দুল্লাহ
(২৮) ও সিএনজিচালিত অটোরিকশার চালক স্বপন শেখ (৩৮)।
অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, গ্রেফতারকৃত আসামিরা সিরাজগঞ্জ জেলা পুলিশের মোটরযান শাখার ওসি মিজানুর রহমানের সিল ও স্বাক্ষর জাল করে এক মাস ধরে সদর উপজেলার শিয়ালকোলে অবস্থিত অ্যালবাট্টস সিএনজি ফিলিং স্টেশন থেকে ৩০০ টাকার জাল স্লিপে গ্যাস উত্তোলন করে আসছিল। এই গ্যাস স্লিপের বিপরীতে সরবরাহকৃত গ্যাসের দাম পরিশোধ করতে হতো সিরাজগঞ্জ জেলা পুলিশের মোটরযান শাখাকে। একপর্যায়ে এক মাসের স্লিপ যাচাই-বাছাই করলে ৫১টি স্লিপ অসংগতিপূর্ণ মনে হলে গ্যাস পাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জালিয়াতির বিষয়টি নজরে আসে।
পরে অভিযান চালিয়ে জাল স্লিপসহ অটোরিকশাচালক আব্দুল্লাহকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশাচালক স্বপন ও শিয়ালকোল বাজারে অবস্থিত প্রত্যাশা কম্পিউটারের স্বত্বাধিকারী সাদিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার দোকান থেকে একটি ল্যাপটপ ও স্ক্যানকৃত জাল স্লিপ জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।