মানুষের মরদেহ জৈব সারে পরিণত করার অনুমতি দিয়েছে নিউইয়র্ক। কেউ মারা গেলে তার স্বজনরা চাইলে মরদেহ বিশেষ প্রক্রিয়ায় জৈব সারে পরিণত করে তা গাছের জন্য ব্যবহার করতে পারবেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ ডিসেম্বর নিউইয়র্ক সরকার মানবদেহ দাফন কিংবা দাহ করার পরিবেশবান্ধব বিকল্প হিসেবে এ সিদ্ধান্ত নেয়। মানব কম্পোস্টিংয়ের জন্য বিশেষ প্রক্রিয়ায় একটি কনটেইনারের মধ্যে কয়েক সপ্তাহ মরদেহটি রাখলেই কাঙ্খিত জৈব সার পাওয়া যাবে।
২০১৯ সালে ওয়াশিংটনে প্রথম এ ধরনের জৈব সার বানানোর অনুমতি দেয়া হয়। পরে কলোরাডো, ওরেগন, ভারমন্ট ও ক্যালিফোর্নিয়ায়ও এ প্রক্রিয়া জনপ্রিয় হয়।
অবশ্য পরিবেশবাদীরা অভিযোগ করছেন, এভাবে মানবদেহকে সারে পরিণত করার ফলে মাটির স্বাভাবিক জৈব বিকাশ বাধাগ্রস্ত হবে। এছাড়া নিউইয়র্কের ক্যাথলিক বিশপরাও এ আইনের বিরোধিতা করছেন। তারা বলছেন, মানবদেহকে গৃহস্থালি বর্জ্য হিসেবে বিবেচনা করা ঠিক নয়।
তবে হিউম্যান কম্পোস্টিংয়ের পক্ষপাতিরা বলছেন, এট শুধু পরিবেশের জন্যই যে উপকারী তাই নয়, বরং যেসব এলাকায় কবরস্থানের জন্য জমি সীমিত সেখানে এটি আরো বেশি কার্যকর।