অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশীকে চুয়াডাঙ্গার বিজিবি'র কাছে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১ আগস্ট) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
এতে বলা হয়, শুক্রবার চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন ও ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্ত মেইন পিলার ১০৫ এর কাছে শুন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিজিবি'র পক্ষে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ননের মেহেরপুর মুজিবনগর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার তাপস কুমার ও ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ধরমেন্দ্রদাহ নেতৃত্ব দিয়েছেন।
বৈঠকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বিএসএফ। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন মহিলা ও ৪ জন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।