স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে।
গতকাল বগুড়ার শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি স্কুল বাস প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে বাস দুটির চাবি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
প্রতিমন্ত্রী এ সময় বলেন, ‘শিক্ষার সুযোগ ও মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।’
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন থেকে জিপিএ ৫ অর্জনকারী শিক্ষার্থী মাহফুজের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় এক দুর্ঘটনায় মাহফুজ একটি পা হারালেও শারীরিক প্রতিবন্ধকতা তার পড়াশোনা ও স্বপ্নকে থামিয়ে দিতে পারেনি। দৃঢ় মনোবল, অধ্যবসায় ও মেধার জোরে এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ ৫ অর্জন করেছে।