চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে দামপাড়ার ওয়াসা মোড়সংলগ্ন সিএমপি পুলিশ হেডকোয়ার্টারের ভেতরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য বাসটিতে পুলিশ সদস্যরা সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিল।
আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিরা দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।