রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ফের গ্রেফতার হয়েছেন গুলশানে চাঁদাবাজির ঘটনায় আলোচিত আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এলাকা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গুলশান থানার সেকেন্ড অফিসার কাদের আহমেদ গ্রেফতারের জানান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিল। এ সময় রিয়াদ সেখানে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেন। তাকে বাধা দেয়া হলে তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিবিএ পড়ুয়া শিক্ষার্থী বাঁধনকে সুইচ গিয়ার চাকু দিয়ে মুখে আঘাত করেন। পরে ঘটনাস্থলে থাকা অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় রিয়াদকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। সে মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত বছরের জুলাই মাসে গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করে গ্রেফতার হয়েছিলেন তিনি। রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য।