চরমোনাইয়ে তিনদিন ব্যাপী ‘ফাল্গুন মাহফিল’ শুরু

উদ্বোধনী বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, এ মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে নয়; বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই এর মূল লক্ষ্য

ইসলামী সংগঠন ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর আমির মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে বরিশালের চরমোনাইয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী ফাল্গুন মাহফিল। বুধবার যোহর নামাজের পর আনুষ্ঠানিকভাবে মাহফিলের কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, এ মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে নয়; বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই এর মূল লক্ষ্য। তিনি উপস্থিত মুসর্লিদের উদ্দেশে বলেন, যারা অন্য কোনো উদ্দেশ্যে এসেছেন তারা যেন নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুত হন।

চরমোনাই মাদরাসার মূল মাঠসহ মোট চারটি মাঠে আয়োজিত মাহফিলে নতুন আগতদের উদ্দেশে তিনি দুনিয়াবি চিন্তা ত্যাগ করে আখেরাতমুখী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অহংকার ও আত্মমর্যাদাবোধ পরিহার করে আল্লাহর স্মরণে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন তিনি।

মাহফিলে অংশগ্রহণকারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যার অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। এতে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে আরো প্রায় ৪০ জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। এছাড়া ১০টি অ্যাম্বুল্যান্স ও দুটি নৌ অ্যাম্বুল্যান্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। অসুস্থদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে স্বেচ্ছাসেবক দল মাঠজুড়ে কাজ করছে।

তিনদিনব্যাপী এ মাহফিলে মোট সাতটি মূল বয়ান অনুষ্ঠিত হবে। এর মধ্যে পীর সাহেব চরমোনাই পাঁচটি ও নায়েবে আমির মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দুটি বয়ান প্রদান করবেন। এছাড়া দেশের বিভিন্ন দরবারের পীর ও শীর্ষস্থানীয় আলেমরা বক্তব্য রাখবেন।

আগামী ৪ এপ্রিল সকালে পীর সাহেব চরমোনাইয়ের আখেরি বয়ানের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে।

আরও