কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার বিকালে দাউদকান্দি মডেল থানার ওসি মো. সায়েদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে একটি মারামারি মামলার একজন আসামি, একজন জিআর পরোয়ানাভুক্ত আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার ঢাকামুখী লেনে স্থাপিত চেকপোস্টে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন চট্টগ্রামের ডবলমুরিং এলাকার মো. ফিরোজ (৪২) এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মো. মিলন গাজী (২৯)। একইদিন রাত সাড়ে ৮টার দিকে পৃথক অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. কবির হোসেনকে (৪৬) গ্রেফতার করা হয়।

এ ছাড়া শুক্রবার সকাল ১১টার দিকে দাউদকান্দি কাউন্টার এলাকা থেকে মারামারি মামলার আসামি বিকাশ দেবনাথকে (৩৭) গ্রেফতার করা হয়। একই দিন সকাল সাড়ে ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. বিল্লালকে (৪০) গ্রেফতার করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও