বাগেরহাটের
উপকূল জুড়ে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে গেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল
সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রথমে গুড়ি
গুড়ি, পরে দমকা হাওয়াসহ মুষলধারে বৃষ্টি হয়। বাগেরহাট সদর ছাড়াও ফকিরহাট, মোংলা,
রামপাল, মোরেলগঞ্জসহ উপকূল জুড়ে বৃষ্টি হয়। সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন।
ঘণ্টাব্যাপী
চলা এই বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়ে। তবে ফাগুনের শুরুর এই বৃষ্টিতে ধান, আম, পানসহ বিভিন্ন
ফসলের উপকার হবে বলে ধারণা কৃষকদের।
মো.
রুস্তম আলী শেখ নামের এক কৃষক বলেন, ‘ফাল্গুন মাসে বৃষ্টি হওয়া ফসলের জন্য খুবই
ভালো। আজকের বৃষ্টিতে ধান, পান, সরিষাসহ সব ফসলের উপকার হবে। এই বৃষ্টিতে সারের থেকে বেশি কাজ হয়েছে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার বলেন, বৃষ্টিতে বাগেরহাটের মাঠ-ঘাটে থাকা ধানসহ বিভিন্ন ফসলের উপকার হবে। এই সময়টায় যেমন সূর্যর তাপ বেশি থাকে, আবার পানি সংকটও থাকে। সেই কারণে বৃষ্টি হলে কৃষকদের ওপর চাপ অনেক কমে যায়। ফলন বেশি হওয়ার সম্ভাবনাও বাড়ে।