এলজিইডি জ্যেষ্ঠ সচিব শহীদুল হাসান

সারা দেশে হাটবাজারে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে

শহীদুল হাসান বলেন, ‘অনেক সময়ে দেখা যায়, আমাদের প্রচুর কৃষিপণ্য উৎপাদন হয়। কিন্তু সেগুলো সঠিক সময়ে বাজারজাত না হওয়ায় নষ্ট হয়ে যায়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) জ্যেষ্ঠ সচিব শহীদুল হাসান জানিয়েছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সারা দেশের গ্রামীণ হাটবাজারকে কেন্দ্র করে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকারি পর্যায় ছাড়াও প্রাইভেট সেক্টরকেও অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা হবে।

গতকাল দুপুরে জেলার শিবচরে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চার তলাবিশিষ্ট ডাকবাংলো ভবন উদ্বোধন এবং জেলা পরিষদ থেকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণার্থী বেকার নারীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শহীদুল হাসান বলেন, ‘অনেক সময়ে দেখা যায়, আমাদের প্রচুর কৃষিপণ্য উৎপাদন হয়। কিন্তু সেগুলো সঠিক সময়ে বাজারজাত না হওয়ায় নষ্ট হয়ে যায়। এতে কৃষকের প্রচুর লোকসান গুনতে হয়। তাই গ্রামীণ পর্যায়ের হাটবাজারগুলোতে কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। এতে আমাদের কৃষিপণ্য উৎপাদন আরো বাড়বে।’

সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বিষয়ে তিনি বলেন, ‘সরকার সারা দেশে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের একটি উদ্যোগ গ্রহণ করেছে। এতে বেসরকারি পর্যায়েও যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি সৌরবিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন। এ খাতেও সরকার উদ্যোক্তাকে সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করছে।’

মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন, ফরিদপুর জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান, মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আলী হায়দার খান, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব সোহেল রানাসহ অনেকে।

মাদারীপুর জেলা পরিষদের আওতায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত বেকার নারীদের মাঝে সনদ ও আর্থিক সহায়তা প্রদান শেষে ডাকবাংলো চত্বরে গাছের চারা রোপণ করা হয়।

আরও