বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের জন্য বিদেশী বিনিয়োগকারীদের সহযোগিতা করার জন্য সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে। একই সঙ্গে প্রত্যেক বিনিয়োগকারীর জন্য বিডাতে একজন করে ক্যাপ্টেন নিয়োগ দেয়া হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর বনানীতে একটি হোটেলে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতিতে যত ধরনের সংস্কার হয়েছে তার প্রায় সবগুলোই বিএনপির করা। আগামী দিনের যে অর্থনীতি হবে সেটা মাথায় রেখে আমরা একটা পরিকল্পনা আগেভাগেই করেছি। আমাদের ভিশন ২০৩০-এ এটার প্রতিফলন ঘটেছে। ৩১ দফার সংস্কারের মধ্যেও তার প্রতিফলন ঘটেছে। সেটাকে মাথায় রেখে আমরা আমাদের দেশে আসা বিনিয়োগকারীদের বলছি আমরা কী কী পরিবর্তন আনব।
তিনি বলেন, পরিবর্তনের মধ্যে সবকিছু সহজীকরণ সরলীকরণ করার মাধ্যমে বিনিয়োগকারীরা যে বাধা-বিপত্তির মধ্যে পড়ে তাতে যাতে না পড়ে, তার জন্য আগামী দিনে আমরা আমূল পরিবর্তন আনতে চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, তাজভীরুল ইসলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবির, ড. মাহাদি আমিন ও বিএনপির আন্তর্জাতিক সহ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল চৌধুরী খসরু।