ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ইউনিটপ্রতি ১০ টাকার বেশি প্রণোদনা

প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমান বাজারদর ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় নিয়ে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যয় প্রতি ইউনিট ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। নেট মিটারিংয়ের আওতায় নিজস্ব ব্যবহারের পর জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহকারী গ্রাহকরা প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন। এ সুবিধা পেতে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এ প্রণোদনা পরবর্তী তিন বছর, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে।

গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার; যা চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে  কার্যকরের কথা রয়েছে। 

প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমান বাজারদর ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় নিয়ে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যয় প্রতি ইউনিট ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ২০ শতাংশ মুনাফা ও ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

কোনো গ্রাহক নির্ধারিত ৮ টাকার চেয়ে কম ব্যয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয়কৃত অর্থ তার লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো গ্রাহকদের তথ্য, জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ এবং প্রণোদনাসহ বিদ্যুতের মূল্য-সংক্রান্ত তথ্য সংরক্ষণ করবে। প্রণোদনার অর্থ গ্রাহকের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠানো হবে। কোনোভাবেই নগদ অর্থ দেয়া যাবে না। তবে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর পর স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে এ প্রণোদনা প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপনে অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটারসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসারের অংশ হিসেবে এ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আরও