দিনাজপুর-৬ আসনে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ওই আসনে দলীয় প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন। নবাবগঞ্জ উপজেলার পুটিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকালে ভোট দেন তিনি।
সকাল ৮টার দিকে ডা. এজেডএম জাহিদ হোসেন ভোটকেন্দ্রে পৌঁছান। এরপর ভোটার লাইনে প্রায় আধঘণ্টা অপেক্ষা করে সকাল সাড়ে ৮টার দিকে ভোট দেন তিনি।
পরে ডা. জাহিদ হোসেন বলেন, ‘দু-একটি বিশৃঙ্খলা ছাড়া নির্বাচনের পরিবেশ এখনো সুষ্ঠু রয়েছে।’
ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন। প্রচারণার সময় জনগণের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে জানিয়ে আরো বলেন, ভোট নিরপেক্ষ হলে ধানের শীষ বিজয়ী হবে।
সকাল সাড়ে ৭টা থেকেই দিনাজপুর-৬ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেন। এ সময় নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি দেখা যায়।
দিনাজপুর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৩ হাজার ২১৪ জন। এ আসনের ১৯৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।