সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ভারতীয় খাসিয়ারা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর পুত্র।
পরিবারের দাবি, কাজের সন্ধানে শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান জামাল। পরে আর বাড়ি ফিরেননি। রাতে বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, জামাল উদ্দিনসহ কয়েকজন শনিবার রাতে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এসময় খাসিয়ারা গুলি করে। এতে জামাল উদ্দিন আহত হয়। পরে দেশের সীমান্তের ভেতরে ঢুকে সে মারা যায়।
রোববার ভোরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।