রাজস্ব আদায় বাড়ানোর নির্দেশ রাসিক প্রশাসকের

রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি হাল ও বকেয়া কর আদায়ের পাশাপাশি আইন অনুযায়ী নতুন আয়ের খাত তৈরি করতে হবে। যেসব খাতে সিটি করপোরেশন রাজস্ব বঞ্চিত হচ্ছে, সেসব খাত চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) রাজস্ব আদায় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। আজ মঙ্গলবার নগর ভবনের প্রশাসক কনফারেন্স রুমে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় প্রশাসক চলতি অর্থবছরের জুনের মধ্যে বিগত তিন অর্থবছরের তুলনায় বেশি রাজস্ব আদায়ের আহ্বান জানান।

রাজস্ব বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা যথাযথভাবে নাগরিকদের সেবা করতে চাই। নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি হাল ও বকেয়া কর আদায়ের পাশাপাশি আইন অনুযায়ী নতুন আয়ের খাত তৈরি করতে হবে। যেসব খাতে সিটি করপোরেশন রাজস্ব বঞ্চিত হচ্ছে, সেসব খাত চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

কর্মকর্তাদের তিনি বলেন, নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও উত্তম আচরণ করবেন। নগরবাসীকে নাগরিক সেবা নিশ্চিতে আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। কর আদায়কারীদের উৎসাহিত করতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সভায় যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী মহানগরী গড়তে বিভিন্ন নির্দেশনা দেন রাসিক প্রশাসক।

এতে আরো ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ট্যাক্সসেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার মো. তাজউদ্দীন, ট্যাক্সসেশন কর্মকর্তা (কর) মো. মহীউদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও