সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সনাতন ধর্মীরা দুর্গা পূজা উৎসব যাতে নির্বিঘ্নে পালন করতে পারে তা নিশ্চিত করা সবার দায়িত্ব ও কর্তব্য। সবাইকে যার যার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দিতে হবে। কোনো বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। কেউ যাতে কোনো ধরনের চক্রান্ত করে সামাজিক বিশৃঙ্খলা তৈরির কোনো সুযোগ না পায়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
গতকাল দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় ১ হাজার ৮০ জন কৃষক-কৃষানীর মধ্যে সবজিবীজ ও সার বিতরণ করা হয়। এছাড়া রোগীদের মধ্যে এককালীন অনুদান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন ডা. এজেডএম জাহিদ হোসেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘দুর্গা পূজা, ঈদ, কোনো ধর্মীয় মাহফিল অথবা ফুটবল খেলা—যেকোনো কর্মসূচি অথবা উৎসব যেন শান্তি-শৃঙ্খলা ও সহাবস্থান বজায় রেখে পালন করা সম্ভব হয় তা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। এর জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের পাশাপাশি বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীদের দায়িত্ব আরো বেশি।’
মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময় আপনাদের বলি, মাদককে প্রতিরোধ করতে হলে, বন্ধ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। যারা মাদক গ্রহণ করে, যারা মাদক সেবন করে, তাদের স্বাভাবিক জ্ঞানটুকু থাকে না। কাজেই মনে রাখতে হবে এ বিশৃঙ্খলা আমাদের একদম ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই মাদক নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।’
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে এতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।