আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে দ্বীপে রাতযাপনে যে নিষেধাজ্ঞা ছিল, সে জটিলতা কেটেছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপে পর্যটক যাতায়াত করতে পারবেন। এ সময় পর্যন্ত পর্যটকদের সেখানে রাতযাপনের ক্ষেত্রেও কোনো বাধা নেই।
গতকাল মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে এ বিষয়ে সংশোধিত নির্দেশনা জারি করা হয়।
নতুন সিদ্ধান্তে ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত যাতায়াতের সুযোগ এবং দৈনিক গড়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটকের সীমা নির্ধারণ করা হয়েছে। আগের প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা বহাল রাখা হয়েছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে টিকিট কিনতে হবে। টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকতে হবে। দ্বীপে রাতে সমুদ্রসৈকত ও আশপাশ এলাকায় আলো জ্বালানো, শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি করা যাবে না।